Skip to main content

মহালয়া ও দুর্গাপুজো 2017



                           || মহালয়া ও আমি  ||

আজ মহালয়া শোনা হয়নি (দেখা বহু বছর আগেই ছেড়ে দিয়েছি), আসলে রাত চারটে অবধি সিনেমা দেখেছি | তারপর বাড়িতে মহালয়ার গান লাউড স্পিকারে সেট করে দিয়ে (অবশ্যই আমার ঘরের বাইরে) তোফা ঘুম দিয়েছি |

সকালে উঠলাম দশটায়, উঠেই ভাবছি মহালয়া না শোনার জন্য বাঙালিত্ব হারালাম কিনা !!! আদৌ এই বাঙালী সমাজ আমায় মেনে নেবে তো ??

ঘর থেকে বেরোবামাত্র জানতে পারলাম আজ আমার ছোটমাসীরা আমাদের বাড়িতে বেড়াতে আসছে | রান্না ঘরে গিয়ে ঘুম চোখে মেনু পরিদর্শনে গেলাম, যা বুঝলাম সেটা হল - ইলিশ মাছ ভাজা, পমফ্রেট মাছের ঝা, চিংড়ির মালাইকারী আর মুরগীর মাংস |
যাক !! বাঙালিত্ব হারানোর আশংকা নেই | ভুরিভোজন (অবশ্যই আমিষ) করলে বাঙালীর সাত জন্মের পাপ ধুয়ে যায় |

মাছ-মাংসে প্রেম করে যেই জন,
সেই জন বাঙালী অবিনশ্বর !!


© অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি , দুর্গানগর, 19-09-2017
==================================================================

                         || দুর্গাপুজো এবং আমি ||

দুর্গাপুজো মানে আমার কাছে চিরকালই 'পেটপুজো' | এবং সেটা আমিষ | খাদ্যে যাঁরা ধর্মীয় বাধানিষেধ আরোপ করতে চায় তাদের প্রতি আমার আন্তরিক ধিক্কার চিরকালই |

মধ্যপ্রদেশে কর্মসূত্রে বেশ কিছুদিন ছিলাম | সেখানে নবরাত্রি মানেই বিশুদ্ধ নিরামিষভোজন | সেখানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করত যে আমরা বাঙালিরা কী করে দুর্গাপুজোর মতো পবিত্র অনুষ্ঠানে মাছ-মাংস খাই !!! উত্তরে আমি শুধু হাসতাম | খুব গোঁড়া কাউকে পেলে এটাও বলতাম যে আমি গো-মাংস ভক্ষণ করেছি | ব্যস, তারা আর কথা বাড়াত না |

পুজোতে আমি উপোসও করি না | আমাদের স্কুলের এক প্রবাদপ্রতিম শিক্ষক আমাদের একটা কথা বলতেন যেটা আমার সারাজীবন মনে থাকবে | উনি বলতেন, “এমন কি কখনোও হতে পারে যে তুই সারাদিন উপোস করার পর এক থালা খাবার সাজিয়ে তোর মায়ের সামনে রাখছিস, আর তোর মা অভুক্ত ছেলের সামনে বসে ওই খাবার খাচ্ছেন ?”
ফলে সত্যিই যদি দেবী দুর্গা মা হন আমাদের, তাহলে তিনি আমাদের অভুক্ত রেখে কক্ষনো নিজে খেতে পারবেন না |

আর আজকাল হয়েছি চরম ল্যাদখোর | প্রতিদিন ভিড় ট্রেন, বাসে উঠে যে দশা হয়, সেখানে কয়েকদিনের ছুটি মানে ঘরে বসে নির্ভেজাল আলস্য উপভোগ করা | তাছাড়া এই গ্রীষ্মকালের (!!!) পুজোয় ভিড় ঠেলে ঠাকুর দেখার পরিশ্রম করা আমার এই বিশাল গতরে সম্ভবও না |

তবে যখন মধ্যপ্রদেশে ছিলাম তখন পুজোর কয়েকদিন বাঙালিয়ানা খুব চেগে উঠতো | ওখানে চারটে পুজো কাটিয়েছি, পুজোর দিনগুলোতে কলকাতার মন্ডপ, ভিড়, কোলাহলকে খুব মিস করতাম | অথচ আজ বৃহত্তর কলকাতাতে বসে ওসব কিছুই অনুভব করি না |
হাতের নাগালে থাকলে কোনো মূল্যবান জিনিসই উপযুক্ত কদর পায় না, তাই তো ?????

© অর্ঘ্য দাস @ টুকটাক লেখালেখি, দুর্গানগর, 27-09-2017
=================================================================


Comments

Popular posts from this blog

চিকেন পকোড়া, মিলনদার ক্যান্টিন এবং কাকা

মুরগী কি লুপ্তপ্রায় প্রজাতির ( endangered species) আওতায় পড়ে ? কলকাতা তথা বৃহত্তর কোলকাতার নানা ফাস্টফুডের দোকানে ‘চিকেন পকোড়া’ নামক বস্তুটা চেখে দেখলে কিন্তু সত্যিই এই সন্দেহটা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে | বস্তুতঃ ‘চিকেন পকোড়া’ (চিকেন চপের কথা কিন্তু বলছি না) জিনিসটা খানিকটা ‘ভার্চুয়াল রিয়েলিটি’র মতো | মানে, আপনি ভাবছেন যে জিনিসটা আছে, কিন্তু আসলে নেই | মুরগী-ফুরগি কিচ্ছু না, স্রেফ বাঁধাকপি | ডবল এক্সেল বাঁধাকপির খাঁচার ভেতর মাইক্রোস্কোপিক মাংসের কণামাত্র, কিম্বা মাংস ছাড়ানো একটা হাড় | কখনো কখনো ওই কণাটাও খুঁজে পাওয়া যায়না, শুধু পাওয়া যায় চিকেন মশলার গন্ধ ! মুখের মধ্যে বস্তুটি পুরে আপনি চিকেনের সন্ধানে দাঁত চালাতে থাকেন, পাশ থেকে সেই মেহের আলী যেন বলে ওঠে, “সব ঝুঠ হ্যায়” ! আমাদের পাড়ার বেশ কয়েকটা দোকানে এই বিচ্ছিরি বস্তুটা পাওয়া যায় | সবকটা দোকান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে নানা সময়ে ওই জিনিটা চেখে দেখেছি | প্রতিবারে একই অভিজ্ঞতা | এক একটার পকোড়ার দাম আজকের দিনে কমবেশি পনেরো টাকা, অথচ খুব বেশি হলে তাতে থাকে দু’টাকার বাঁধাকপি, এক টাকার মাংস, পঞ্চাশ পয়সার তেল-মশলা, আর দোকানদ...

কাজের মাসি

কাজের মাসি গতকাল আনন্দবাজারের রবিবাসরীয় তে একটা লেখা পড়লাম কাজের মাসিপিসি দের নিয়ে | এ প্রসঙ্গে নিজের কিছু অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল – তখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি আর থাকি গড়ফা নামক একটি জায়গায় মেসবাড়িতে | আমাদের মেসে রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার ইত্যদি কাজ করত সবিতা দি | সদা হাস্যমুখ এই সবিতাদির বাড়ি ছিল নরেন্দ্রপুরে | মাঝেমাঝেই সবিতাদির নানা উদ্ভট কথাবার্তায় আমরা যারপরনাই পুলকিত হতাম | আমাদের মেসের মনোজিত আর সুদীপকে চিরকাল সবিতাদি ‘মনোদীপ ভাই’ আর ‘সুজিত ভাই’ বলেই ডেকে এসেছে, বহুবার সংশোধন করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি | আমাকে বলত ‘মোটাভাই’ | স্কচ বাইট কে বলত ‘কসবা’ | মাছের ঝোল, মাংসের ঝোল কে বলত ‘মাছের তরকারী’ আর ‘মাংসের তরকারী’ | তখনো তৃনমূল ক্ষমতায় আসেনি, একদিন সবিতাদি এসে বলল, “ও ভাই জানো, আমাদের পাড়ায় কাল রাতে ঝামেলা হয়েচিল, এখন নতুন কি একটা পার্টি এসেচে না - ‘তিন আঙ্গুল’ না ‘দুই আঙ্গুল’ কি একটা নাম, তাদের সাথে ছি পি এমের | মারপিট ও হয়েচে |” আমরা প্রথমে ভেবেছিলাম নতুন কোনো পার্টি সত্যিই বোধহয় এসেছে যাদের চিহ্ন ওই আঙ্গুলমার্কা ভিকট্রি সাইন ! মিনিট খানেক পর...

Pun-do-লিপি : সেলেব্রিটিগণ